উক্তি প্রতিযোগিতা ২০২৬
বাংলা উইকিউক্তির উক্তির পাতা বৃদ্ধি, নতুন ভুক্তি তৈরি এবং মানসম্মত উৎসসহ উক্তি সংযোজনের লক্ষ্যে বাংলা উইকিসংযোগ আয়োজিত একটি অনলাইন প্রতিযোগিতা।
উক্তি প্রতিযোগিতা ২০২৬ বাংলা উইকিউক্তির মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত একটি অনলাইন প্রতিযোগিতা। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাংলা উইকিউক্তিতে নতুন উক্তির পাতা তৈরি করা, বিদ্যমান বিষয়বস্তুর পরিধি বৃদ্ধি করা এবং নির্ভরযোগ্য উৎসসহ মানসম্মত উক্তি সংযোজনের মাধ্যমে বাংলা ভাষার মুক্ত জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করা।
বাংলা উইকিউক্তিতে বর্তমানে তুলনামূলকভাবে সীমিতসংখ্যক উক্তির পাতা রয়েছে। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য ব্যক্তি, বিষয় ও ধারণা নিয়ে নতুন উক্তির ভুক্তি তৈরি করতে উৎসাহিত করা হচ্ছে। প্রতিযোগিতায় নাটক, চলচ্চিত্র, গান, বই, গল্প, কবিতা ও উপন্যাস ব্যতীত উল্লেখযোগ্য যেকোনো বিষয় নিয়ে উক্তির পাতা তৈরি করা যাবে।
বিদেশি ব্যক্তিত্ব বা বিষয় নিয়ে কাজ করলে উক্তিগুলো বাংলায় অনুবাদ করতে হবে। তবে অনুবাদ অবশ্যই স্বাভাবিক, বোধগম্য এবং যান্ত্রিকতা বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবমুক্ত হতে হবে। প্রতিটি উক্তির সঙ্গে যথাযথ উৎস প্রদান করা বাধ্যতামূলক, যাতে পাঠক সহজে উক্তির নির্ভরযোগ্যতা যাচাই করতে পারেন। প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহণকারীকে বাংলা উইকিউক্তিতে নিজের পছন্দমতো অথবা প্রদত্ত তালিকা থেকে এক বা একাধিক নতুন ভুক্তি তৈরি করতে হবে। প্রতিটি নতুন পাতায় কমপক্ষে ১৫০টি শব্দ এবং অন্তত ৩টি উক্তি থাকতে হবে। তৈরি করা ভুক্তি নির্ধারিত জমাদান ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে।
এই প্রতিযোগিতা বিশ্বের যেকোনো স্থান থেকে অংশগ্রহণের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীদের নিজস্ব উইকিমিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অংশ নিতে হবে। নতুনদের জন্য টিউটোরিয়াল ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা সহজে বাংলা উইকিউক্তিতে অবদান রাখা শুরু করতে পারেন।
প্রতিযোগিতার সময়কাল ১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত। যোগকৃত মোট শব্দসংখ্যার ভিত্তিতে বিজয়ীদের ক্রম নির্ধারণ করা হবে। শীর্ষ অংশগ্রহণকারীদের জন্য গিফট ভাউচার, মুদ্রিত সনদ এবং গৃহীত অবদানের ভিত্তিতে অনলাইন সনদের ব্যবস্থা রয়েছে।
প্রকল্পের তথ্য
আয়োজক: বাংলা উইকিসংযোগ
সময়কাল: ১ এপ্রিল ২০২৬ – ৩০ এপ্রিল ২০২৬
ধরন: অনলাইন প্রতিযোগিতা
প্রকল্প: বাংলা উইকিউক্তি
লক্ষ্য: নতুন উক্তির পাতা তৈরি ও মানসম্মত উৎসসহ উক্তি সংযোজন
অংশগ্রহণ: সবার জন্য উন্মুক্ত