শাকিল হোসেন

শাকিল হোসেন

@MdsShakil প্রধান সহ-সমন্বয়ক বাংলাদেশ

মূল দল পর্যালোচক দল কারিগরি ও প্রযুক্তি দল

শাকিল হোসেন একজন উইকিমিডিয়া স্টুয়ার্ড ও উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য, যেখানে তিনি ২০২৬–২০২৭ মেয়াদে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা উইকিমিডিয়া‌ সম্প্রদায়ের সহ-সমন্বয়ক।

২০১৯ সাল থেকে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে সক্রিয় থাকা শাকিল মূলত বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন, যেখানে তিনি প্রশাসক ও গোপনকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলা উইকিবইয়ের প্রশাসক। পাশাপাশি তিনি উইকিমিডিয়া ভিআরটি এজেন্ট এবং উইকিমিডিয়া ন্যায়পাল কমিশনের সাবেক সদস্য। শাকিল স্টুয়ার্ড হিসাবে নির্বাচিত হওয়ার পূর্বে বৈশ্বিক প্রশাসক ও বৈশ্বিক নাম পরিবর্তনকারী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

উইকিতে সম্পাদনার বাইরেও সম্প্রদায়ের উন্নয়নে তিনি নেতৃস্থানীয় ভূমিকা রাখেন। তিনি সম্পাদনাসভা, কর্মশালা ও আউটরিচ কর্মসূচি আয়োজন করেন, যার মাধ্যমে নতুন অবদানকারীরা সম্প্রদায়ে যুক্ত হন এবং পরামর্শ ও দিকনির্দেশনা পান। উইকিম্যানিয়া বাংলাদেশ ২০২২ ও বাংলা উইকিসম্মেলন ২০২৪-সহ গুরুত্বপূর্ণ আয়োজনে এবং অসংখ্য অনউইকি প্রতিযোগিতা ও ক্যাম্পেইনে তিনি অবদান রেখেছেন। বাংলা সংযোগ উদ্যোগে তিনি তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতির দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা উইকিসম্মেলন ২০২৬-এর মূল আয়োজক দলের সদস্য এবং বৃত্তি নির্ধারণী দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রযুক্তিগত ক্ষেত্রেও তিনি অবদান রাখেন এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর সহায়তায় বিভিন্ন টুল ও অটোমেশন তৈরি করেন, যার মধ্যে রয়েছে উইকিপিডিয়া বট, টেলিগ্রাম বট এবং উইকিমিডিয়া অথেনটিকেশননির্ভর সার্ভে ফর্ম। তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল পটভূমির এই অবদানকারীর আগ্রহের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মুক্ত জ্ঞান, সম্প্রদায় গঠন, ডিজিটাল অধিকার এবং প্রযুক্তি ও সহযোগিতামূলক প্ল্যাটফর্মের প্রবেশযোগ্যতা।